News
নানা
আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের
১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য
আনন্দ র্যালি, কেক কাটা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার
(৪ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের
হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার র্যালিতে
নেতৃত্ব দেন। এতে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা
ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আনন্দঘন
পরিবেশে র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রধান ফটক প্রদক্ষিণ করে
কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে কেক কেটে অনুষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন
প্রফেসর ড. মুক্তারুন ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, বিভিন্ন
অনুষদের ডিন, দপ্তরপ্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও
শিক্ষার্থীবৃন্দ।
প্রধান
অতিথির বক্তব্যে সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন,
“কৃষির আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে প্রযুক্তির কোনো বিকল্প নেই। দেশের কৃষিকে আরও উৎপাদনশীল,
লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।”
তিনি
বলেন, “বাংলাদেশের অর্থনীতি এবং মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান ভিত্তি কৃষি। সময়ের
পরিবর্তনের সঙ্গে কৃষির ধরন ও চাহিদাও পরিবর্তিত হচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য
ও পুষ্টির চাহিদা পূরণ, কৃষি উৎপাদন ব্যয় কমানো, শ্রমিক সংকট মোকাবিলা এবং কৃষিপণ্যের
অপচয় রোধে কৃষিতে যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি।”
প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়।