News
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সিকৃবি ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সাম্য, দ্রোহ, প্রেম, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলাম।
তিনি একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার, সুরকার, শিল্পী, অভিনেতা এবং পরিচালক। সাহিত্য ও সংস্কৃতির প্রতিটি ধারায় তিনি ছিলেন সমুজ্জ্বল। আমাদের জাতীয় ইতিহাসের অবিস্মরণীয় নাম কাজী নজরুল ইসলাম। তাঁর অমর সৃষ্টি শুধু নিজ ধর্ম, সমাজ- সম্প্রদায়, দেশ ও কালের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেনি , ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বদা গেয়েছেন মানবতার জয় গান। হয়ে উঠেছেন সকল সমাজের, সকল কালের।
আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী। বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় ও অনন্য। সাম্য, মানবতা, প্রেম ও বিদ্রোহের বাণী ধারণ করে নজরুল আজও আমাদের চেতনা, সাহস ও প্রেরণার এক অবিনাশী নাম।
তাঁর সাহিত্যকর্ম মানুষের মুক্তি, ন্যায় ও অসাম্প্রদায়িকতার চেতনাকে জাগ্রত করেছে যুগে যুগে। কবিতা, গান ও লেখনীর মাধ্যমে তিনি অন্যায় ও শোষণের বিরুদ্ধে উচ্চারণ করেছেন প্রতিবাদের ভাষা, একই সঙ্গে ছড়িয়ে দিয়েছেন মানবতার অপার সৌন্দর্য ও সম্প্রীতির আহ্বান।
সৃষ্টি-সুখের উল্লাসে আজীবন নিবেদিত এই অমর কবির জন্মদিনে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।